কিশোর গ্যাং প্রতিরোধে সিলেটসহ সারা দেশে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাঠপর্যায়ে কিশোর অপরাধীদের চিহ্নিত করা, গ্যাং সংস্কৃতির মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধ এবং এ বিষয়ে দ্রুত আইনি ও সামাজিক পদক্ষেপ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির কার্যপরিধি বাড়িয়ে কিশোর গ্যাং, হত্যা, ছিনতাই, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন কমিটি উপজেলা পর্যায়ে অপরাধপ্রবণ কিশোরদের বিষয়ে তথ্য সংগ্রহ, অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় করবে বলে জানানো হয়েছে।
কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
