সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে না যাওয়ায় চট্টগ্রাম রেলস্টেশনে বিক্ষোভ করেছেন যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি সিলেটের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।
সূচি অনুযায়ী, ট্রেনটির সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ক্ষুব্ধ হয়ে স্টেশনমাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ করেন ৭০ থেকে ৮০ জন যাত্রী। এ সময় প্ল্যাটফর্মেও যাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে অন্য একটি ট্রেনে সংযুক্ত করা হয়েছিল। এতে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়তে পারেনি। ফলে কয়েক শ যাত্রীকে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রেনের চট্টগ্রামে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ভোর ৫টা ৩৫ মিনিট। তবে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা দেরিতে পৌঁছানোয় চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস ছাড়তেও বিলম্ব হয়েছে।
রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইঞ্জিন-সংকটের কারণে পাহাড়িকা এক্সপ্রেসের সময়সূচি প্রায়ই ব্যাহত হচ্ছে। সিলেট থেকে আসা ট্রেনের ইঞ্জিন প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুনরায় সিলেটগামী ট্রেনে সংযুক্ত করতে হয়। এ কারণে ট্রেন ছাড়তে বিলম্বের ঘটনা ঘটছে।
