ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাব উদ্দিন (৩০) হত্যার ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) নিহতের ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় মামলাটি করেন। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা হলেন কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মুজন আলী (৫৫) এবং তাঁর চার ছেলে জাকারিয়া (৩০), ইয়াহিয়া (২৫), শাহরিয়া (২২) ও কিবরিয়া (১৯)।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করে পুলিশ। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে সোনাতনপুঞ্জি গ্রামে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শাহাব উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
