শিরোনাম
দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সৌদি আরবগামী যাত্রীদের সুখবর দিলো বিমান সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার পুলিশ সদস্য সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী

https://www.emjanews.com/

19847

sylhet

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৬ ২২:৪৩

আপডেট

২১ অক্টোবর ২০২৬ ২২:৪৪

সিলেট

সিঁদুরের রঙে সম্প্রীতির বন্ধন, শ্রীমঙ্গলে বিজয়া শোভাযাত্রায় মানুষের ঢল

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ২২:৪৩

ছবি: ইমজা নিউজ

চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল। সবুজ চা-বাগান, পাহাড়-টিলা, বনভূমি আর বৈচিত্র্যময় জনপদের এই শহর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের সহাবস্থানেও স্বতন্ত্র পরিচয় বহন করে। সেই বৈচিত্র্যের এক উজ্জ্বল প্রকাশ দেখা গেল শারদীয় দুর্গোৎসবের বিদায়বেলায়। দুর্গার বিসর্জনকে ঘিরে সিঁদুর খেলা, আবেগঘন প্রার্থনা আর হাজারো মানুষের অংশগ্রহণে শ্রীমঙ্গল শহরে অনুষ্ঠিত হলো বিজয়া শোভাযাত্রা। উৎসবের আনন্দের সঙ্গে মিশে ছিল বিদায়ের বিষাদ, আর সেই আবহে ফুটে উঠল সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের মিলনমেলার চিরচেনা ছবি।

বুধবার ( ২১ অক্টোবর) বিজয়া দশমীতে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। দুপুর ২টায় মৌলভীবাজার সড়কে অবস্থিত শ্রীশ্রী সার্বজনীন দুর্গাবাড়ীর সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় প্রায় ৬০টি ট্রাকে করে প্রতিমা বহন করা হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পরিণত হয় ধর্মীয় আবেগ, ঐতিহ্য ও সম্মিলিত উৎসবের এক বর্ণিল আয়োজনে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদীপ দাস রিঙ্কুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু মিয়া এবং শ্রীমঙ্গল কমলগঞ্জ সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজাম্মান রাজু এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

শ্রীমঙ্গল শহর ছাড়াও আশপাশের গ্রামাঞ্চল এবং পার্শ্ববর্তী বিভিন্ন চা বাগানের পূজামণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে আসেন পূজারিরা। সার্বজনীন দুর্গাবাড়ীর সামনে থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি চৌমুহনা, কলেজ রোড, গুহ রোড, ভানুগাছ রোড ও স্টেশন রোড প্রদক্ষিণ করে আবার চৌমুহনা হয়ে হবিগঞ্জ সড়কে জগন্নাথদেবের আখড়ার সামনে যায়। পরে প্রতিমাগুলো নিজ নিজ মণ্ডপে ফিরিয়ে নেওয়া হয়।
 
শোভাযাত্রাকে ঘিরে শহরের সড়কগুলোতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ঢাকের বাদ্য, মানুষের উচ্ছ্বাস আর প্রতিমার বর্ণিল সাজে মুখর হয়ে ওঠে চারপাশ। তবে আনন্দের এই আয়োজনের মধ্যে ছিল দেবীকে বিদায় জানানোর আবেগও। কারণ, বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়; এটি ঘরের মেয়ের বাপের বাড়িতে আসা, কয়েক দিনের আনন্দ শেষে আবার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার এক আবেগঘন কাহিনি।

দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী। এই দিনেই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের আগে বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয় দেবীবরণ ও সিঁদুর খেলা। বিবাহিত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করেন। এরপর একে অপরের সিঁথি ও কপালে সিঁদুর পরিয়ে দেন। কারও গালে লেগে থাকে লাল রং, কারও চোখে জল, আবার কারও মুখে বিদায়ের বেদনা আড়াল করার হাসি।

সিঁদুর খেলার এই রীতিতে মিশে আছে বাঙালির পারিবারিক জীবন, বিশ্বাস ও সামাজিক বন্ধনের প্রতিফলন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সিঁদুর সৌভাগ্য, দাম্পত্যের মঙ্গল ও সমৃদ্ধির প্রতীক। দেবী দুর্গাকে কন্যারূপে কল্পনা করে তাঁকে বিদায় জানানোর সময় নারীরা প্রার্থনা করেন, সংসারে যেন শান্তি বজায় থাকে, ভালোবাসার বন্ধন অটুট থাকে এবং সবার জীবনে আসে কল্যাণ।

দেবীবরণের আনুষ্ঠানিকতায় সিঁদুরের পাশাপাশি পান-সুপারি, ধান-দূর্বা ও মিষ্টি নিবেদন করা হয়। দেবীর চরণে সিঁদুর অর্পণের পর নারীরা পরস্পরের মধ্যে তা বিনিময় করেন এবং বিজয়ার শুভেচ্ছা জানান।

শ্রীমঙ্গলের পরিচয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত। বিস্তীর্ণ চা-বাগান, পাহাড়ি প্রকৃতি, বনাঞ্চল ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে পর্যটকদের কাছে উপজেলাটি বিশেষ আকর্ষণের। এখানে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের বসবাস দীর্ঘদিনের সামাজিক বাস্তবতা। তাঁদের জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্য শ্রীমঙ্গলের স্বতন্ত্র পরিচয়কে সমৃদ্ধ করেছে।

এই জনপদে দুর্গাপূজা তাই কেবল একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব হিসেবে সীমাবদ্ধ থাকে না; এর আয়োজন ও আনন্দ ছড়িয়ে পড়ে বৃহত্তর সমাজে। দেশ-বিদেশ থেকে আসা দর্শনার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন এলাকার মানুষের উপস্থিতিতে পূজামণ্ডপগুলো হয়ে ওঠে উৎসবের প্রাণকেন্দ্র। প্রতিমা দর্শন, আলোকসজ্জা ও শোভাযাত্রা উপভোগ করতে ভিড় করেন নানা বয়সের মানুষ।

বিজয়া শোভাযাত্রাকে নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। বিভিন্ন পূজামণ্ডপের পাশাপাশি সীমান্তবর্তী এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা তদারকিতে ড্রোন ব্যবহার করা হয়। শোভাযাত্রার বিভিন্ন অংশে দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্থানীয় পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এবং সিলেটের মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। শৃঙ্খলা ও নিরাপত্তার এই আয়োজন উৎসবে অংশ নেওয়া মানুষের স্বস্তি বাড়িয়েছে। ধর্মীয় আবেগের এমন বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আয়োজক ও স্থানীয় মানুষের সমন্বিত ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দুর্গাপূজার আনন্দ ভাগ করে নেওয়া, শোভাযাত্রা দেখতে মানুষের সমাগম এবং উৎসবকে নির্বিঘ্ন রাখতে সম্মিলিত উদ্যোগ- সব মিলিয়ে এই আয়োজন সম্প্রীতির একটি ইতিবাচক বার্তা বহন করে।

বিজয়া দশমীর শোভাযাত্রা শেষ হয় প্রতিমাগুলো নিজ নিজ মণ্ডপে ফিরে যাওয়ার মধ্য দিয়ে। এরপর বিসর্জনের আনুষ্ঠানিকতায় সমাপ্তি ঘটে কয়েক দিনের পূজা, প্রার্থনা ও উৎসবের। মণ্ডপের আলো একসময় নিভে আসে, ঢাকের শব্দ থেমে যায়, আর মানুষের মনে থেকে যায় আবারও দুর্গা পুজোর আগমনের অপেক্ষা।