ছবি: সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা সবরাজ মিয়ার ছেলে। তাঁর পৈতৃক বাড়ি সিলেটে।
পুলিশ জানায়, ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর তানভীর নানাবাড়ি লাখাইয়ে বেড়ে ওঠেন। তিনি শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক জানান, দুর্ঘটনার পর তানভীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য তানভীরের পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে লিখিত আবেদন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
