ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের তোলা ২৪টি ছবি নিয়ে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে শুরু হয়েছে ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘ক্ষণচিত্র’-এর প্রথম আসর। গল্পনির্ভর ফটোগ্রাফির এ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কলেজের নতুন সংগঠন ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। ‘স্টোরি বেইজড ফটোগ্রাফি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে কলেজের শিক্ষার্থীদের তোলা ২৪টি ছবি স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন ও প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন উৎস কান্তি দাস। তিনি অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং সংগঠনের লক্ষ্য ও আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন।
এ ছাড়া বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নীলুফার খানম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদা আলম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী, সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ।
বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা এবং ছবির মাধ্যমে গল্প বলার এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
