ছবি: সংগৃহীত
তারেক রহমানের মালয়েশিয়া সফরের পাঁচ মাসের মাথায় ফিরতি সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমবাজারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিরাপদ অভিবাসন। সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক। বিএনপি সরকার গঠনের পর কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর।
বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চারের বার্তা নিয়ে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সবকিছু ঠিক থাকলে দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন তিনি। তবে ঢাকায় তার অবস্থান হতে পারে মাত্র ১২ থেকে ১৩ ঘণ্টা। ঢাকা সফর শেষে তিনি যাবেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
ঢাকা ও কুয়ালালামপুরের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী ৭-৮ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সূচি নির্ধারণ করা হয়েছে। ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।
বিএনপি সরকার গঠনের পর কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর। ফলে কূটনৈতিক ও রাজনৈতিক উভয় বিবেচনায় আনোয়ার ইব্রাহিমের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুনে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। কুয়ালালামপুর সফর শেষে তিনি চীন সফর করেন। সেই সফরের প্রায় পাঁচ মাসের মাথায় বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন মালয়েশিয়া, এখন উনি আসবেন বাংলাদেশে। তারেক রহমানের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এ সফরে সেগুলোর ফলোআপ আলোচনার সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হবে।’
সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক সফর ঢাকা ও কুয়ালালামপুরের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে এই সফর।
উল্লেখ্য, দুই বছরের ব্যবধানে এটি আনোয়ার ইব্রাহিমের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাত গুরুত্ব পেতে পারে।
সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, তারেক রহমানের মালয়েশিয়া সফরে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, সেগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্রও চিহ্নিত করা হবে।
গত জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগসংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।
আনোয়ার ইব্রাহিমের এবারের সফরেও একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও ‘নোট অব এক্সচেঞ্জ’ সইয়ের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাত-সংশ্লিষ্ট দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।
সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছে সরকার। দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে এ সফরে।
কূটনৈতিক আলোচনার পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের সফরে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশি কর্মীদের অন্যতম প্রধান গন্তব্য মালয়েশিয়া। তবে ২০২৪ সাল থেকে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপদ অভিবাসন ও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি সফরে বিশেষ গুরুত্ব পাবে।
এক কর্মকর্তা বলেন, ‘মালয়েশিয়া আমাদের জন্য একটি বড় শ্রমবাজার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। এ নিয়োগ কার্যক্রম মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কর্মী পাঠানো হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তাঁদের বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো শুরু হলে পরবর্তী সময়ে বেসরকারিভাবেও কর্মী পাঠানোর কার্যক্রম চালু হবে।
গত জুনে মালয়েশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন আনোয়ার ইব্রাহিমকে। সেই প্রেক্ষাপটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এবারের ঢাকা সফরকে শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ।
দীর্ঘদিন বন্ধ থাকা এই বাজার উন্মুক্ত হলে একদিকে যেমন বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করাই থাকবে বাংলাদেশের অন্যতম প্রত্যাশা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর সামনে রেখে প্রস্তুতিও জোরদার করেছে সরকার। এ সফর নিয়ে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সফরসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান ভিত্তিকে আরও শক্তিশালী করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শ্রমবাজারের জট খুলতে আনোয়ার ইব্রাহিমের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে, তারেক রহমানের কুয়ালালামপুর সফরের ধারাবাহিকতায় আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উপলক্ষ হয়ে উঠতে পারে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতি আসে কি না, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।