সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’ কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, ওই স্থানে পেছন দিক থেকে কে বা কারা এসে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে গানপাউডার উদ্ধার করেছি আলামত হিসেবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি দাবি করেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে চারটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে প্রায় ৪০টি বাস ছিল। ঘটনাস্থলের আশপাশে প্রচুর পরিমাণ গানপাউডার পড়ে রয়েছে বলেও জানান তিনি। তাঁর প্রশ্ন, দুর্বৃত্তদের কাছে এসব গানপাউডার কীভাবে এলো।
কয়েস লোদী বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। জনগণের কাছে বিতাড়িত হয়ে তারা এখন দেশে অপতৎপরতা চালাচ্ছে। তাদের প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণও তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।
