রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায়
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ০১:১৬
এআই জেনারেটেড ছবি, সংগৃহীত
২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য দেশটিকে দায়ী করে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের দায়ে অভিযুক্ত করার এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের পথে বড় মাইলফলক হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত এসব সিদ্ধান্ত জানান। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে আন্তর্জাতিক গণহত্যা সনদের একাধিক বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন আদালত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটনের দায়ে দায়ী বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজে নির্ধারণ করেছেন যে ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আদালত আরও উল্লেখ করেছেন, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটন প্রতিরোধে ব্যর্থ হয়েছে। এ ছাড়া গণহত্যা ও গণহত্যা সনদে উল্লেখিত অন্যান্য অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে এবং সনদের কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নেও ব্যর্থ হয়েছে দেশটি। আদালতের রায়ের নির্দেশনাগুলো দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এ ঐতিহাসিক রায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ দেশে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান। বাংলাদেশের বিশ্বাস, আইসিজের এই রায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তা বাড়ানোর জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
