সিলেটে হাম ও হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে আরও তিনজনের। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো হবিগঞ্জের লাখাই উপজেলার নিজাম উদ্দিনের ছেলে সাত মাস বয়সী ইরফান, সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুল হকের মেয়ে আট মাস বয়সী খুদেজা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাওসারের ছেলে আট মাস বয়সী মাহিন।
এই তিনজনসহ চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০ জন। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে, ৯৫ জনের। এ ছাড়া সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০৬ জনে। এর মধ্যে সিলেটে ৪৪৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৬৭ এবং সুনামগঞ্জে ৯১৭ জন শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১১৯, হবিগঞ্জে ২৪, মৌলভীবাজারে সাত এবং সুনামগঞ্জে সাতজন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে আক্রান্ত মোট ৫৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ এবং বেসরকারি হাসপাতালে ৮৬ জন চিকিৎসা নিচ্ছেন।
