কক্সবাজারে জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু, প্রথম দিনেই ১৬ ম্যাচ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ২০:৩৭
ছবি: সংগৃহীত
কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (পুরুষ ও মহিলা উন্মুক্ত)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কক্সবাজারের লাবণী বিচে ডিভাইন ইকো রিসোর্টের সম্মুখে প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রথম দিনে পুরুষ বিভাগে ১২টি এবং মহিলা বিভাগে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৭টি সংস্থা, বাহিনী, ক্লাব, জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪টি পুরুষ এবং ১২টি মহিলা দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতার আয়োজন ও পৃষ্ঠপোষকতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, রিজেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নীলসাগর গ্রুপ। স্পন্সরশিপ পার্টনার হিসেবে রয়েছে ডিভাইন ইকো রিসোর্ট ও হোটেল সি সিগাল।
এছাড়া পার্টনার হিসেবে রয়েছে অ্যাকশনএইড এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে একুশে টেলিভিশন।
ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন উদ্যাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল হক কাজলের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, পরিচালক (উপসচিব) মোসাদ্দেক আহমেদ পাটোয়ারী, জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য এ কে এম নুরুল বশীর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজারের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের বিচ ভলিবল উপকমিটির চেয়ারম্যান কাজী শাহ মোজাক্কের আহমদুল হক ইসলাম।
প্রথম দিনের খেলার ফলাফল
পুরুষ বিভাগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (এ দল) ২-০ সেটে ঢাকা স্পোর্টিং ক্লাবকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (বি দল) ২-১ সেটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে, বর্ডার গার্ড বাংলাদেশ (এ দল) ২-০ সেটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে এবং মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাব (বি দল) ২-০ সেটে এলিট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
এ ছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (এ দল) ২-০ সেটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে, তিতাস ক্লাব (এ দল) ২-০ সেটে নীলসাগর স্পোর্টিং ক্লাবকে, মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাব (এ দল) ২-০ সেটে তিতাস ক্লাবকে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বি দল) ২-০ সেটে বাংলাদেশ জেলকে হারায়।
দিনের অন্য ম্যাচগুলোতে কক্সবাজার জেলা ২-০ সেটে ঢাকা স্পোর্টিং ক্লাবকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (বি দল) ২-০ সেটে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এ দল) ২-০ সেটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে এবং মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাব (বি দল) ২-০ সেটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পরাজিত করে।
মহিলা বিভাগে নীলসাগর স্পোর্টিং ক্লাব (বি দল) ২-০ সেটে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থাকে, চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ ২-০ সেটে এলিট স্পোর্টিং ক্লাবকে, এলিট স্পোর্টিং ক্লাব (বি দল) ২-০ সেটে নীলসাগর স্পোর্টিং ক্লাব (এ দল) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২-০ সেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন সংস্থা, বাহিনী, ক্লাব, জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিচ ভলিবল খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক খেলার সুযোগ তৈরি হয়েছে।
