ছবি: সংগৃহীত
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। তবে চুক্তির নবায়ন নিয়ে নতুন কোনো আশার কথা বা সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি ভারত। বিষয়টি নিয়ে শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলেও আগের অবস্থানেই থেকেছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
চুক্তির ভবিষ্যৎ এবং বাংলাদেশ-ভারতের মধ্যে এ নিয়ে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে রয়েছে। ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কি না, সে বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য জেআরসি বৈঠক নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে। ওই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি আলোচনা কেবল কারিগরি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে- এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। তবে খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়েও প্রশ্ন করা হয়। এসব ক্ষেত্রেও আগের ব্রিফিংয়ে দেওয়া অবস্থানের বাইরে নতুন কোনো তথ্য বা বক্তব্য দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
