ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার মসজিদের ইমাম সাদিকুর রহমানকে (৪২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২১ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. শাহজাহান সিরাজ।
এর আগে শুক্রবার কিশোরীর বাবা বাদী হয়ে সাদিকুর রহমানের বিরুদ্ধে শাল্লা থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে শুক্রবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের পাশের একটি দোকান থেকে চা-পাতা কিনতে যায় ওই কিশোরী। এ সময় মসজিদের ইমাম সাদিকুর রহমান তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় দুই স্কুলছাত্র ঘটনাটি দেখে আশপাশের লোকজনকে জানায়। পরে গ্রামবাসী ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এরপর তাঁরা ইমামকে আটকে রেখে পুলিশে খবর দেন।
কিশোরীকে উদ্ধারে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন জানান, দুই স্কুলছাত্র তাঁদের এসে জানায়, ইমাম ওই কিশোরীকে টেনে কক্ষে নিয়ে গেছেন। পরে তাঁরা কক্ষে গিয়ে লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় সবার সামনে ইমাম কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটক হওয়ার পর ইমাম পুলিশ ও গ্রামবাসীকে বলেন, কিশোরী নিজেই তাঁর কক্ষে গিয়েছিল এবং তিনি তার হাত ধরেছিলেন। লোকজন দেখে ফেলতে পারে—এ আশঙ্কায় তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন বলেও জানান তিনি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইয়ারাবাদ গ্রাম থেকে ওই ইমামকে আটক করা হয়। পরে কিশোরীর বাবা তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সাদিকুর রহমান প্রায় ১১ মাস ধরে উজান ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদে ইমামতি করছেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।
