সিলেটের তিনটি পাথর কোয়ারি ও সংলগ্ন এলাকা থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা প্রায় ১ লাখ ৩৯ হাজার ঘনফুট পাথর উন্মুক্ত নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। জেলার কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার তিনটি পৃথক স্থানের এসব পাথর নিলামে বিক্রি করা হবে।
বিএমডির ১১ নভেম্বরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পাথর ও সিলিকা বালু কোয়ারি এবং সংলগ্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা পাথর, বালুমিশ্রিত পাথর ও সিলিকা বালু উন্মুক্ত নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বনপুর আদর্শছড়া, পুছছড়া ও বামেরগাঁও বলখেলার মাঠ (তিন নম্বর ওয়ার্ড) এবং উত্তর রণিখাই ইউনিয়নের একটি এলাকায় জব্দ করা হয়েছে আনুমানিক ৯৩ হাজার ৭৯০ ঘনফুট পাথর ও ৬০০ ঘনফুট পাথর। সব মিলিয়ে এখানে পাথরের পরিমাণ ৯৪ হাজার ৩৯০ ঘনফুট।
একই উপজেলার শাহ আরেফিন টিলা কোয়ারি সংলগ্ন এলাকা থেকে জব্দ করা হয়েছে ১৫ হাজার ৬৮ ঘনফুট, ২০ হাজার ৪৪৪ ঘনফুট ও ৫ হাজার ৩০০ ঘনফুট পাথর। সব মিলিয়ে এই স্থানে জব্দ করা পাথরের পরিমাণ ৪০ হাজার ৮১২ ঘনফুট।
অন্যদিকে, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকা থেকে জব্দ করা হয়েছে ৪ হাজার ১৯৫ ঘনফুট পাথর। তিনটি স্থান মিলিয়ে সিলেটে নিলামযোগ্য পাথরের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৯৭ ঘনফুট।
বিএমডির বিজ্ঞপ্তিতে নিলামের জন্য প্রতিটি দরপত্রের বিপরীতে পৃথক জামানত নির্ধারণ করা হয়েছে। প্রথম দরপত্রের জন্য ২ লাখ টাকা, দ্বিতীয় দরপত্রের জন্য ৭০ হাজার টাকা এবং তৃতীয় দরপত্রের জন্য ২৫ হাজার টাকা জামানত দিতে হবে। জামানতের অর্থ ফেরতযোগ্য।
নিলামে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। সরাসরি অংশগ্রহণকারীদের খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর প্রধান কার্যালয়, ঢাকায় অথবা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কার্যালয়ে জামানত জমা দিয়ে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত প্ল্যাটফর্মে নিবন্ধন ও জামানত জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিলামে অংশগ্রহণকারীদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। নিলামে সর্বোচ্চ দরদাতা নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যে পাথর অপসারণ করতে হবে। এ ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দরপত্রের জন্য যথাক্রমে চার দিন, চার দিন ও তিন দিন সময় নির্ধারণ করা হয়েছে।
