https://www.emjanews.com/

20790

national

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ২৩:০৯

জাতীয়

তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ২৩:০৯

তারানা হালিম

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এলাকার ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়। এ সময় সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (অপারেশন) দায়িত্বে থাকা ইসমাইল হোসেন খান যুগান্তরকে বলেন, তাদের কাছে তথ্য ছিল তারানা হালিম গুলশানের একটি বাসায় রয়েছেন। তবে সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি।

বাসাটির নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, শনিবার বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। দুই নারী পুলিশ সদস্য বাসার চারতলায় উঠেছিলেন। তবে ভেতরে কাউকে পাওয়া যায়নি। এ সময় একজন চালক কিছু মালপত্র নামিয়েছেন বলেও জানান তিনি।

ঘটনাস্থলে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা যায়। এ ছাড়া বাসার সামনে একটি মালবাহী পিকআপ এবং ভবন ও স্থানীয় আবাসন এলাকার নিরাপত্তাকর্মীদের উপস্থিতিও ছিল।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তারানা হালিমকে।

তারানা হালিম ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও পরিচিত তিনি।