https://www.emjanews.com/

20913

sylhet

প্রকাশিত

২৬ নভেম্বর ২০২৬ ১৫:০৩

আপডেট

২৬ নভেম্বর ২০২৬ ১৫:১২

সিলেট

বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমেদ আর নেই

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৫:০৩

ছবি: সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমেদ (৭৮) আর নেই। বুধবার গভীর রাতে নগরীর মাছিমপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

হাজী ফারুক আহমেদ ছিলেন নগরীর পরিচিত মুখ। রাজনীতির পাশাপাশি ব্যবসা ও সমাজসেবার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। নগরীর মহাজনপট্টি এলাকার একজন পরিচিত বস্ত্র ব্যবসায়ী হিসেবেও তাঁর সুনাম ছিল।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন। রাজনীতি, ব্যবসা ও জনপ্রতিনিধিত্ব-বিভিন্ন ক্ষেত্রে তাঁর দীর্ঘ পথচলা নগরীর অনেক মানুষের স্মৃতিতে তাঁকে বাঁচিয়ে রাখবে।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর নগরীর মাছিমপুর সিএমবি মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এক শোকবার্তায় তাঁরা বলেন, হাজী ফারুক আহমেদের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা, সমাজসেবক ও ব্যবসায়ী। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা আরও বলেন, হাজী ফারুক আহমেদের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে তাঁরা একজন সহযোদ্ধা ও অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারিয়েছেন।

শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।