https://www.emjanews.com/

20921

sylhet

প্রকাশিত

২৬ নভেম্বর ২০২৬ ১৮:৪৭

সিলেট

পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি ছুটছেন সিসিক প্রশাসক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৮:৪৭

ছবি: সিসিক

নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা কিংবা বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া- এমন ছোট ছোট অভ্যাসেই কমতে পারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি। পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সেই বার্তা নিয়ে এবার নিজেই নেমেছেন মাঠে। পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন করছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীর জল্লারপাড় এলাকায় মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংসে চলমান অভিযান পরিদর্শন করেন সিসিক প্রশাসক। নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম পরিচালনা করছে সিটি করপোরেশন।

পরিদর্শনকালে প্রশাসক শুধু পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের কাজ তদারকি করেননি, ঘুরে দেখেছেন এলাকার বাসাবাড়ি ও আশপাশের পরিবেশও। বিভিন্ন বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন করেন। কিছু বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন নগরী গড়তে চাই, যেখানে কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকবে না। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমবে এবং মশাবাহিত রোগ থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব হবে। বিশেষ করে ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেককে সচেতন হতে হবে। বাড়ির ভেতরে কিংবা বাইরে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেদের আঙিনা নিজেদেরই পরিষ্কার রাখতে হবে।’

তিনি বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীরা দিনরাত কাজ করছেন। কিন্তু একদিকে পরিচ্ছন্নতা অভিযান চলছে, অন্যদিকে কিছু মানুষ রাস্তাঘাট ও ড্রেনে ময়লা ফেলছেন। অনেকে নিজেদের বাড়ির আঙিনাও অপরিচ্ছন্ন রাখছেন। এভাবে চলতে থাকলে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এতে রোগজীবাণুর ঝুঁকি বাড়ার পাশাপাশি মশার উপদ্রবও বাড়ে।

মশার ওষুধের কার্যকারিতা নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে সিসিক প্রশাসক বলেন, দেশের সব সিটি করপোরেশন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের একই উৎস থেকে মশার ওষুধ সংগ্রহ করে। বিভিন্ন পর্যায়ে কার্যকারিতা যাচাইয়ের পর এসব ওষুধ কেনা ও প্রয়োগ করা হয়। তবে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সিসিক কার্যক্রম পরিচালনা করছে। সিলেটে এখনো এডিস মশার বিস্তার ঘটেনি। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হোক, তা তাঁরা চান না। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মশক নিধন ও লার্ভা ধ্বংসের কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অভিযান চলাকালে পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রশাসক। পাশাপাশি নাগরিকদের নির্ধারিত স্থানে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করারও নির্দেশনা দেন। পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে নিষ্ঠা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনকারীদের ভবিষ্যতে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘আমরা নগরবাসীকে সুরক্ষা দিতেই কাজ করছি। এ কাজে নগরবাসীকে আমাদের সহযোগিতা করতে হবে।’

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সিলেটে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। নগরবাসীকে নিরাপদ রাখতে তাঁদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।