ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করে দেশে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। তবে পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য সমন্বয় হয়নি। ফলে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
আসন্ন রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা।
এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতিনিধিরা সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আমদানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে তাঁরা লিটারপ্রতি ১৪ টাকা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন।
ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে দাঁড়িয়েছে।
তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। অর্থাৎ এ সময়ে ভোজ্যতেল আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।
