https://www.emjanews.com/

20929

economics

প্রকাশিত

২৬ নভেম্বর ২০২৬ ২০:১০

অর্থনীতি

৫ কারণে বাংলাদেশের পণ্যে অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ২০:১০

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা, পণ্য উৎপাদনে কাঠামোগত ভারসাম্যহীনতা এবং এসব দেশের বাণিজ্যনীতির কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে- এমন অভিযোগ তুলে বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

বুধবার (২৫ নভেম্বর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তের ফল প্রকাশ করে ইউএসটিআর। প্রতিবেদনে ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের উৎপাদন খাতের কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা এবং উৎপাদনসংক্রান্ত নীতিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক ও ক্ষতিকর হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে এসব দেশের বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশ ও অর্থনৈতিক অঞ্চলগুলো হলো—চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ অভিযোগ

ইউএসটিআরের প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি নীতি ও চর্চাকে অযৌক্তিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—

১. শিল্প খাত সম্প্রসারণের পরিকল্পনা: গুরুত্বপূর্ণ উৎপাদন খাতের সক্ষমতা ধরে রাখা ও সম্প্রসারণে বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

২. উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা: উৎপাদন ও রপ্তানি বাড়াতে বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব উদ্যোগ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে।

৩. শ্রমিকদের সুরক্ষায় ঘাটতি: শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছে ইউএসটিআর।

৪. আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি: বাংলাদেশের আর্থিক খাতের কিছু নীতিকে ‘আর্থিক দমনমূলক’ বা ‘ফিন্যান্সিয়াল রিপ্রেশন’ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

৫. বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন মোকাবিলায় ব্যর্থতা: বিশ্ববাজারে উৎপাদন সক্ষমতার অতিরিক্ত বিস্তার মোকাবিলায় বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতি থেকে পণ্য আমদানি এবং সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউএসটিআরের দাবি, বাংলাদেশের এসব নীতি ও চর্চার কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকেরা বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে বাণিজ্যিক সুযোগ হারাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতির উপকরণের ওপর নির্ভরশীলতা দেশটির অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও বাড়াচ্ছে।

বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতে এসব প্রভাব বেশি বলে মনে করছে যুক্তরাষ্ট্র।