শিরোনাম
সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী ওসমানী বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ জব্দ সিলেটের এক জেলার ৯০ জন নির্বাচিত: বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার পাশে আ/গু/ন ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশী পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

https://www.emjanews.com/

20945

law-justice

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ১২:৪৫

আইন আদালত

বড় বোন মায়ের সঙ্গে জাপানে, মেজ বোন বাবার সঙ্গে বাংলাদেশে

আদালতে ঝুলে আছে হেফাজতের লড়াই

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১২:৪৫

ছবি: সংগৃহীত

একসময় একই ছাদের নিচে থাকা দুই বোনের জীবন এখন দুই দেশে, দুই অভিভাবকের সঙ্গে। বড় বোন মায়ের সঙ্গে জাপানে, মেজ বোন বাবার সঙ্গে বাংলাদেশে। সন্তানদের কাছে পেতে মা-বাবার আইনি লড়াই গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। একের পর এক আদালতের রায়, পাল্টা আবেদন আর আপিলের দীর্ঘ পথ পেরিয়ে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় তাঁদের পৃথক আপিল। কিন্তু এই আইনি লড়াইয়ের শেষ কোথায়, আর দুই বোনের ভবিষ্যৎই-বা কী?

পাঁচ বছরেরও বেশি সময় আগে বাবার সঙ্গে বাংলাদেশে এসেছিল দুই শিশু। সন্তানদের ফিরে পেতে জাপান থেকে বাংলাদেশে ছুটে আসেন তাদের মা। এরপর শুরু হয় সন্তানদের হেফাজত নিয়ে দীর্ঘ আইনি লড়াই। আদালতে হাজির করা, শিশুদের বক্তব্য শোনা, এক আদালতের আদেশের পর আরেক আদালতে আবেদন-সব মিলিয়ে ঘটনাটি একসময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নথিপত্র অনুযায়ী, শিশুদের মা জাপানের নাগরিক এরিকো নাকানো। বাবা ইমরান শরীফ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক। কর্মসূত্রে জাপানে থাকার সময় পরিচয় থেকে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৮ সালের ১২ জুলাই টোকিওর একটি মসজিদে বিয়ে করেন তাঁরা। এই দম্পতির তিন মেয়ে রয়েছে।

অ্যাপার্টমেন্ট কেনা, ধর্ম ও সংস্কৃতি নিয়ে মতবিরোধের একপর্যায়ে ২০২১ সালের জানুয়ারিতে ইমরানের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এরিকো। এর মধ্যে দুই সন্তানকে নিজের কাছে নিয়ে রাখেন ইমরান। পরে দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে চলে আসেন তিনি। এরপর দুই শিশুর হেফাজত চেয়ে বাংলাদেশের পারিবারিক আদালতে মামলা করেন।

জাপান থেকে বাংলাদেশে মায়ের ছুটে আসা

সন্তানদের ফিরে পেতে এরিকো নাকানোও আইনি লড়াই শুরু করেন। এর আগে ২০২১ সালের ২৮ জানুয়ারি জাপানের আদালতে মামলা করেছিলেন তিনি। ওই বছরের ৩১ মে টোকিওর পারিবারিক আদালত বড় দুই মেয়ের জিম্মা এরিকোর কাছে হস্তান্তরের আদেশ দেন।

ছোট মেয়েকে নিজের মায়ের কাছে রেখে ২০২১ সালের ১৮ জুলাই শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন এরিকো। দুই মেয়েকে ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি। অন্যদিকে, জাপানে থাকা তৃতীয় সন্তানকে নিজের কাছে পেতে আরেকটি রিট করেন ইমরান।

মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২২ আগস্ট বারিধারার বাসা থেকে দুই শিশুকে উদ্ধার করে হাইকোর্টে হাজির করা হয়। কয়েক দফায় শিশুদের বক্তব্যও শোনেন আদালত। এরপর শুরু হয় দুই শিশুর হেফাজত নিয়ে বাংলাদেশের আদালতে একের পর এক শুনানি।

এক আদেশে বাবার কাছে, পরের আদেশে মায়ের হেফাজতে

এরিকো ও ইমরানের পৃথক রিটের শুনানি শেষে ২০২১ সালের ২১ নভেম্বর হাইকোর্ট কয়েক দফা সিদ্ধান্ত দেন। আদালত বলেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দুই শিশু বাবার হেফাজতে থাকবে। তবে বাবা তাদের দেশের বাইরে নিতে পারবেন না। মা সব সময় সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার পাবেন। প্রতি চার মাসে ১০ দিনের জন্য বাংলাদেশে এসে সন্তানদের সঙ্গে থাকার যাতায়াত ও অন্যান্য ব্যয় বাবাকে বহন করতে হবে।

কিন্তু আইনি লড়াই সেখানেই থামেনি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এরিকো। পরে তাঁর লিভ টু আপিল নিষ্পত্তি করে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ নির্দেশ দেন, ঢাকার পারিবারিক আদালতে বাবার করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু মায়ের হেফাজতে থাকবে। বাবা সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতেও সংশ্লিষ্ট পারিবারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে শিশুদের দেশের বাইরে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

আদালতের রায়ে আলাদা হলো দুই বোনের ঠিকানা

দুই শিশুর অভিভাবকত্ব ও হেফাজত চেয়ে ইমরান শরীফের করা মামলা খারিজ করে ২০২৩ সালের ২৯ জানুয়ারি রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালত। আদালতের পর্যবেক্ষণ ছিল, বাবা হিসেবে ইমরান সন্তানদের সঙ্গে দেখা করার অধিকারী হলেও দুই মেয়ের শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক মঙ্গলের কথা বিবেচনায় তাদের মায়ের হেফাজতে থাকাই উপযুক্ত।

এই রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন ইমরান। ২০২৩ সালের ১২ জুলাই সেই আপিলও খারিজ হয়ে যায়। পারিবারিক আদালতের রায় বহাল রাখেন ঢাকার সিনিয়র জেলা জজ।

এরপরও হাল ছাড়েননি বাবা। ওই বছরই হাইকোর্টে সিভিল রিভিশন করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। সেই রায়ে দুই বোনের ঠিকানা কার্যত আলাদা হয়ে যায়।

হাইকোর্ট বলেন, ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় মেজ মেয়েটি সাবালিকা হওয়া পর্যন্ত বাবার হেফাজতে থাকবে। বড় মেয়ে থাকবে মায়ের কাছে। তবে দুই অভিভাবককেই সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ নিশ্চিত করতে হবে। বড় মেয়ের সঙ্গে বাবার সাক্ষাতের ব্যবস্থা করবেন মা, আর মেজ মেয়ের সঙ্গে মায়ের সাক্ষাতের সুযোগ করে দেবেন বাবা।

সর্বোচ্চ আদালতে চূড়ান্ত ফয়সালার অপেক্ষা

হাইকোর্টের এই রায়েও সন্তুষ্ট হননি কোনো পক্ষ। ২০২৪ সালে পৃথকভাবে লিভ টু আপিল করেন শিশুদের মা ও বাবা। তাঁদের আবেদন মঞ্জুর করে ২০২৪ সালের ১ আগস্ট আদেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে দুই শিশুর সঙ্গে মা-বাবার সাক্ষাৎ, সময় কাটানো ও ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দেওয়া হয়।

এরপর মা ও বাবা দুজনই নিয়মিত আপিল করেন। সেই আপিল এখনো নিষ্পত্তি হয়নি। ফলে দুই বোনের একজন জাপানে মায়ের সঙ্গে, অন্যজন বাংলাদেশে বাবার সঙ্গে থাকলেও তাঁদের হেফাজত নিয়ে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত এখনো আসেনি।

গত ২৪ নভেম্বর শিশুদের বাবা ইমরান শরীফ জানান, মেজ মেয়ে তাঁর সঙ্গে বাংলাদেশে রয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল শুনানির অপেক্ষায়।

অন্যদিকে, শিশুদের মা এরিকো নাকানোর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, বড় মেয়ে মায়ের সঙ্গে জাপানে রয়েছে এবং মেজ মেয়ে বাবার সঙ্গে ঢাকায়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরিকোর করা আপিলও নিষ্পত্তির অপেক্ষায়।

একসময় একই পরিবারের তিন মেয়ের মধ্যে দুই বোনকে ঘিরে শুরু হওয়া এই লড়াই এখন দুই দেশ ও দুই অভিভাবকের মধ্যে সীমাবদ্ধ। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় আদালতের একের পর এক আদেশ এসেছে, বদলেছে শিশুদের থাকার ব্যবস্থা। কিন্তু দুই বোনের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি। সর্বোচ্চ আদালতের রায়ের দিকেই এখন তাকিয়ে দুই পক্ষ।