ছবি: সংগৃহীত
সিলেট নগরের টিলাগড় এলাকায় খাবারে অননুমোদিত রং মেশানো, অসত্য লেবেলিং ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে স্বদেশী ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শাপলাবাগ, টিলাগড় এলাকায় প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হকের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি চটপটি তৈরিতে ব্যবহৃত মটর ডালে অননুমোদিত রং মিশিয়ে মটরশুঁটি হিসেবে উৎপাদন ও বাজারজাত করছিল।
এ ছাড়া আচারে অননুমোদিত রং ও কেওড়াজল মেশানো হচ্ছিল। প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই সাতকরা, জলপাই ও রসুনের আচার এবং মটরশুঁটি উৎপাদন ও বিক্রির জন্য মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।
এ সময় পণ্যের গায়ে অসত্য তথ্য দিয়ে লেবেলিং এবং অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, কাঁচামাল সংরক্ষণ ও মজুদ করার বিষয়টিও শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসন ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ভোক্তার অধিকার সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
