https://www.emjanews.com/

6875

national

প্রকাশিত

০৪ জুলাই ২০২৫ ১১:৩৮

আপডেট

০৪ জুলাই ২০২৫ ১৩:১৬

জাতীয়

যুবদল নেতার নেতৃত্বে হোটেলে নারীদের ওপর হা ম লা

গ্রেপ্তার হননি কেউ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ ১১:৩৮

ছবি: সংগ্রহ

রাজধানীর বনানীতে একটি হোটেলে ঢুকে দুই নারীকে মারধরের ঘটনায় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। গত মঙ্গলবার (১ জুলাই) রাতে বনানী থানার জাকারিয়া হোটেলে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদল। দলটির এক বিবৃতিতে জানানো হয়, অভিযুক্ত নেতাদের অপকর্মের দায় দল নেবে না, এবং সংশ্লিষ্টদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় এক ব্যক্তি তাঁকে আঘাত করেন, এতে তিনি মেঝেতে পড়ে যান। তাঁর পেছনে থাকা আরেক নারীকে কয়েকজন ধাওয়া করে ধরে ফেলে দেন এবং দুজনকেই মেঝেতে ফেলে একযোগে মারধর করা হয়। ভিডিওতে অন্তত ৮-১০ জন হামলাকারীকে দেখা যায়। এ সময় হোটেল ভাঙচুর ও নারীদের চিৎকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারের সহকারী মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বনানী থানায় দায়ের করা মামলায় জানান, গত ৩০ জুন রাতে মনির হোসেন হোটেলে এসে ভিআইপি কেবিন চাইলে তা বরাদ্দ না থাকায় সাধারণ টেবিলে বসেন। ছাড় চেয়ে বিল মেটালেও ক্ষোভ প্রকাশ করে হুমকি দিয়ে চলে যান।

পরদিন রাত ৮টা ৪০ মিনিটে মনির ২০-২৫ জন লোক নিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে এবং ঢুকেই গ্লাস, চেয়ার, টেবিল, সিসিটিভি মনিটর ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেন। এ সময় তাঁরা ক্যাশ কাউন্টার থেকে প্রায় ৭০ হাজার টাকা ও ৫ লাখ টাকার মদ ও বিয়ার লুটে নিয়ে যান।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।