ছবি: সংগ্রহ
হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল বলেছেন, “নোয়াপাড়া তথা মাধবপুরকে শিল্পায়নের মাধ্যমে অনেক বেকার সমস্যার সমাধান করেছি। এবার এই এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করতে চাই। এই কাজে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”
মঙ্গলবার (১৫ জুলাই) মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 'এস.এম. ফয়সল শিক্ষা বৃত্তি' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠিত মিল-ফ্যাক্টরিতে দেশি-বিদেশি অনেকে চাকরি করছে। কিন্তু আমাদের এলাকার অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা ও দক্ষতার অভাবে সুযোগ পাচ্ছে না। এজন্যই আমি শিক্ষা প্রসারে কাজ শুরু করেছি—স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, বৃত্তি চালু করেছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমার নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজের নাম ফ্যাসিস্ট সরকার জোর করে বদলে দেয়। পরে ছাত্র-জনতার আন্দোলনের ফলে তা পুনরুদ্ধার করা হয়।’
সৈয়দ ফয়সল বলেন, ‘সরকারি দায়িত্বে না থেকেও বিএনপির সময় শত শত কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। আগামীতে আলোকিত মাধবপুর-চুনারুঘাট গড়তে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন, ‘আমার পিতা শুধু স্বপ্ন দেখেন না, তা বাস্তবায়নও করেন। আমাদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে তিনি এই অঞ্চলের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করেছেন।’
সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার আমাদের রাজনীতি করার পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তবে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।’
পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সায়হাম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফকরুল আলম, এবং অন্যান্য শিক্ষক-ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৯টি বিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে ৯ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পর্যায়ক্রমে ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১ হাজার ৬০০ শিক্ষার্থীর মাঝে মোট ৩২ লাখ টাকা বৃত্তি বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান।
