https://www.emjanews.com/

7755

national

প্রকাশিত

২৮ জুলাই ২০২৫ ০৯:৪৭

আপডেট

২৮ জুলাই ২০২৫ ১১:১৬

জাতীয়

খালেদা জিয়া আবারও লন্ডন যাচ্ছেন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ ০৯:৪৭

ছবি: সংগৃহিত।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আবারও  লন্ডন যাচ্ছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস্থার ফলোআপ চিকিৎসার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা গণমাধ্যমকে জানান, এ সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের মতামত অনুযায়ী, লন্ডনে চিকিৎসা অব্যাহত রাখা তার সুস্থতার জন্য জরুরি।

এর আগে, ২০২৫ সালের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডন যান। প্রায় চার মাস সেখানে অবস্থানকালে প্রথম এক মাস লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একাধিক মামলায় তাকে দীর্ঘ সময় কারারুদ্ধ থাকতে হয়। এমনকি শারীরিকভাবে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তার বিদেশে চিকিৎসার আবেদন বারবার উপেক্ষিত হয়। পরিবার ও দলের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হলেও সরকার এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। আন্তর্জাতিক মহল থেকেও মানবিক বিবেচনায় তাকে চিকিৎসার সুযোগ দিতে আহ্বান জানানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণবিক্ষোভ ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৫ মাস পর  চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। সেসময় কাতারের আমীরের সৌজন্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হয়। 

বর্তমানে দেশে ফিরলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা পুরোপুরি সুস্থ হননি। তার চিকিৎসকদের মতে, আরও কিছু নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষা ও থেরাপি প্রয়োজন, যা লন্ডনের চিকিৎসকদের তত্ত্বাবধানে করাই যুক্তিযুক্ত হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে দ্রুতই বেগম জিয়াকে লন্ডনে পাঠানো হবে।