নিউইয়র্কে গুলিবর্ষণে এক সিলেটি পুলিশ কর্মকর্তাসহ সহ প্রাণ গেল ৫ জনের
নিহত পুলিশ কর্মকর্তা সিলেটের মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) কর্মরত ছিলেন
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ ১১:৩৮
ছবি: সংগৃহিত।
নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর আত্মহত্যা করেন হামলাকারী নিজেও। আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা সংস্থা এপি জানায়, নিহত পুলিশ কর্মকর্তা সিলেটের মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) কর্মরত ছিলেন তিন বছর ধরে।
ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায়, ম্যানহাটনের মিডটাউনের একটি অফিস ভবনের সামনে। পুলিশ জানায়, শেন তামুরা নামের হামলাকারী পার্ক করা একটি বিএমডব্লিউ গাড়ি থেকে এম৪ রাইফেল নিয়ে বেরিয়ে এসে ভবনের প্রবেশপথে দায়িত্বরত বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে।
এরপর এক নারীকে গুলি করে এবং ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে সে। এতে আরও চারজন প্রাণ হারান। পরে হামলাকারী নিজেই আত্মহত্যা করে।
ভবনটিতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং আয়ারল্যান্ডের কনস্যুলেট অফিস অবস্থিত।
পুলিশ জানিয়েছে, হামলাকারী শেন তামুরা লাস ভেগাসের বাসিন্দা এবং মানসিকভাবে অস্থির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
তদন্তে হামলাকারীর গাড়ি থেকে রাইফেল কেস, রিভলভার, গুলি ভর্তি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানান, হামলার মোটিভ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। নিহত বাংলাদেশি কর্মকর্তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
