https://www.emjanews.com/

7887

national

প্রকাশিত

৩১ জুলাই ২০২৫ ১২:০৯

আপডেট

৩১ জুলাই ২০২৫ ১৫:০৩

জাতীয়

জুলাই সনদ’ চূড়ান্তের আগেই শাহবাগ অবরোধ, রাজধানীতে যানজট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ ১২:০৯

ছবি: সংগৃহিত।

রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অবরোধ করে রেখেছেন 'জুলাই যোদ্ধারা'। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে তারা এই কর্মসূচি শুরু করেন বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, অবরোধের ফলে শাহবাগ মোড়সহ আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধকারীরা জানান, তারা চান ‘জুলাই সনদ’কে দ্রুত চূড়ান্ত করে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হোক। আন্দোলনকারীদের মতে, এই সনদই হতে পারে রাজনৈতিক সংস্কারের নতুন ভিত্তি।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে চায়। তবে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনো শেষ হয়নি।

সনদের খসড়া নিয়ে ইতোমধ্যে কিছু রাজনৈতিক দল আপত্তি তুলেছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে দুই বছরের মধ্যে সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের শর্ত দেওয়া হলেও এর আইনি নিশ্চয়তা নেই। তারা চাইছে-এই সনদকে আইনি কাঠামোতে এনে বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি করতে।

অন্যদিকে বিএনপি এই খসড়ার সঙ্গে মোটামুটি একমত পোষণ করছে বলে জানা গেছে।

রাজনীতিতে নতুন গতি এনে দেওয়া এই সনদকে ঘিরে চলমান আলোচনার মাঝেই শাহবাগ অবরোধ, রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়-ঐকমত্যে পৌঁছাতে কমিশন কতটা সফল হয়।