আহত রুম্মান ও এনামুল (ছবি ইমজা)
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে দুইজন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে কর্মরত দুইজন আহত হন।

তাঁদের মধ্যে রুম্মান (২৮) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওসমানী হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে রাগীব রাবেয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রুম্মানের বাড়ি নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়। অপর আহত ব্যক্তির নাম এনামুল (২৫)। তার বাড়ি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে রুম্মানের অবস্থা আশংকাজনক।
