৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার, আবেগে ভাসলেন শাহরুখ খান
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ১২:১৯
ছবি: সংগৃহিত।
৩৩ বছরের রঙিন ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি, তুমুল জনপ্রিয়তা ও কোটি ভক্তের ভালোবাসা পেয়েছেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। তবু এত দিন অধরা ছিল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অবশেষে সেই অপূর্ণতা ঘুচল।
গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ৭১তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারে ভূষিত হন তিনি।
পুরস্কারপ্রাপ্তির পর এক আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন কিং খান। সেখানে তিনি বলেন,‘আমি কৃতজ্ঞ, গর্বিত ও অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত, যা আমি আজীবন হৃদয়ে লালন করব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যাঁরা আমাকে এই সম্মানের উপযুক্ত মনে করেছেন-তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’
ভিডিও বার্তায় অসুস্থ শরীর নিয়েও হালকা রসিকতায় শাহরুখ জানান,‘আমি হাত বাড়িয়ে তোমাদের সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে চাই, কিন্তু এখন কিছুটা অসুস্থ। তবে চিন্তা করো না, শুধু পপকর্ন রেডি রাখো। আমি খুব শিগগিরই পর্দায় ফিরছি। পথে ঘাটেও দেখা হবে তোমাদের সঙ্গে। তাই ততক্ষণ পর্যন্ত, এক হাতেই উদ্যাপন হোক!’
এই জাতীয় পুরস্কার তিনি উৎসর্গ করেছেন তাঁর কোটি কোটি ভক্তদের উদ্দেশে। বলেন,‘তোমাদের ভালোবাসা, উল্লাস আর আনন্দাশ্রুই এই পুরস্কারের প্রেরণা। এটা তোমাদের জন্য।’
শাহরুখ তাঁর সহকর্মী ও ‘জওয়ান’ টিমকেও ধন্যবাদ জানান।
‘আমাকে ‘জওয়ান’- এ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো টিমকে। আমার ব্যক্তিগত টিম, যারা সব সময় ধৈর্য ধরে আমাকে সহ্য করে-তাদের কৃতজ্ঞতা জানাতেও ভুলি না। যাতে আমি ভালো দেখতে পারি, ভালো অভিনয় করতে পারি-এটা ওদের কাছে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।’
পরিবারের প্রতি আবেগময় স্বীকৃতি জানিয়ে তিনি বলেন,‘আমার স্ত্রী ও সন্তানরা, যারা এত বছর ধরে আমায় ভালোবেসে ও যত্ন করে রেখেছে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বাড়িতে যেন আমিই বাচ্চা! আমার সিনেমাপ্রীতি ও পাগলামি তারা জানে, সেটাই আমাকে কখনও কখনও দূরে সরিয়ে দেয়, তবু তারা হাসিমুখে সবটা মেনে নেয় এবং আমাকে ঠিক যেমন আমি, তেমনভাবেই থাকতে দেয়।’
শাহরুখ খানের এই স্বীকৃতি শুধু তাঁর জন্য নয়, গোটা বলিউড ইন্ডাস্ট্রির জন্যই এক বিশেষ মুহূর্ত-এমনটাই মনে করছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।
