শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ ১১:২৫
ছবি: সংগৃহিত।
জুলাই অভ্যুত্থনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রোববার (৩ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হয়েছেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করবেন প্রসিকিউশন। মামুন নিজেই রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হতে আবেদন করেছিলেন, যা গত ১০ জুলাই ট্রাইব্যুনাল মঞ্জুর করে।
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে মোট ৫টি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে—
আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে দেড় হাজারের বেশি মানুষ হত্যা, হেলিকপ্টার ও ড্রোনে হামলার নির্দেশ, নিরীহ নাগরিকদের গুলি ও আগুনে পুড়িয়ে হত্যা
আদালতে জানানো হয়, এসব হামলার নির্দেশ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন শেখ হাসিনা দেন, যা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে বাস্তবায়িত হয়। এ মামলার বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে ২ জুলাই এক আদালত অবমাননার মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর নিপীড়নের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য রয়েছে ১২ আগস্ট এবং আরেক মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রতিবেদন দেওয়ার সময় ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
