ছবি: সংগৃহিত।
প্রতিবছর আগস্টের প্রথম রবিবার উদ্যাপন করা হয় বিশ্ব বন্ধুত্ব দিবস-একটি দিন যা মানুষে মানুষে হৃদয়ের বন্ধনকে উদ্যাপন করে। জাতিসংঘের স্বীকৃত এই দিবসটি পালনের উদ্দেশ্য শুধুমাত্র বন্ধুকে স্মরণ করা নয়, বরং মানব সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও একতার বার্তা ছড়িয়ে দেওয়া।
বন্ধুত্বের তাৎপর্য
বন্ধুত্ব এমন একটি মানবিক সম্পর্ক, যা রক্তের সম্পর্ক না হয়েও আত্মার গভীর সংযোগ তৈরি করে। বয়স, পেশা কিংবা জাতপাতের ঊর্ধ্বে উঠে একজন মানুষ আরেকজনের ভালো-মন্দের সাথী হয়ে ওঠে বন্ধুত্বের মাধ্যমে। সমমনা মানুষদের মাঝেই সাধারণত এই সম্পর্ক গড়ে ওঠে, তবে আধুনিক সমাজে বয়স বা পটভূমির ভিন্নতা আর বাধা হয়ে দাঁড়ায় না।
ইতিহাসের পাতা থেকে
বন্ধু দিবস পালনের পেছনে রয়েছে বহু গল্প ও মতামত। ধারণা করা হয়, প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ ও নিঃসঙ্গতার প্রেক্ষাপটেই মানুষের মধ্যে বন্ধুত্বের চর্চা গুরুত্ব পায়।
বিশ্ব বন্ধু দিবস পালনের এক ঐতিহাসিক নজির পাওয়া যায় ১৯১৯ সালে, যখন আগস্টের প্রথম রবিবারে বন্ধুরা পরস্পরকে কার্ড, উপহার, আর ভালোবাসা বিনিময় করতো। ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে একটি হৃদয়বিদারক ঘটনার পর, সেদেশের কংগ্রেস আনুষ্ঠানিকভাবে আগস্টের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে।
বিশ্বজুড়ে দিবসটিকে ছড়িয়ে দেওয়ার পেছনে অনন্য অবদান রাখে প্যারাগুয়ের Dr. Ramón Artemio Bracho কর্তৃক প্রতিষ্ঠিত ‘World Friendship Crusade’। ১৯৫৮ সালের ২০ জুলাই তিনি এই প্রস্তাব রাখেন এবং বহু বছর পর, ২০১১ সালে জাতিসংঘ ৩০ জুলাইকে “আন্তর্জাতিক বন্ধু দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশে পালনের রীতি
যদিও জাতিসংঘ ৩০ জুলাইকে আনুষ্ঠানিক দিবস হিসেবে নির্ধারণ করেছে, বাংলাদেশসহ ভারত ও আরও অনেক দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে পালিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা, বন্ধুদের সঙ্গে আড্ডা, ছোটখাটো উপহার দেওয়া, বা একসাথে সময় কাটানোই হয়ে ওঠে এই দিনের আনন্দঘন অংশ।
বন্ধুত্ব-একটি সার্বজনীন ভাষা
বন্ধুত্ব কোনো জাতি বা গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এটি মানবজাতির সবচেয়ে নির্ভরযোগ্য সম্পর্কগুলোর একটি, যা ভালোবাসা, সম্মান ও আস্থার ভিত্তিতে গড়ে ওঠে। বন্ধুত্বই পারে সমাজকে বিভেদের হাত থেকে রক্ষা করে ঐক্যের পথে এগিয়ে নিতে।
বিশ্ব বন্ধু দিবস শুধু বন্ধুকে শুভেচ্ছা জানানোর একটি দিন নয়; বরং এটি আত্মসমালোচনার সুযোগও এনে দেয়-আমরা আমাদের আশেপাশের মানুষদের জন্য কতটা সংবেদনশীল ও দায়িত্বশীল? বিশ্ব বন্ধুত্ব দিবসে আসুন, সবাই মিলে প্রতিজ্ঞা করি-ভালোবাসা ও বন্ধুত্ব দিয়ে গড়বো একটি মানবিক বিশ্ব।
