https://www.emjanews.com/

8289

national

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ১২:০১

আপডেট

১০ আগস্ট ২০২৫ ১৫:৩৪

জাতীয়

নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যাম সংগ্রহের উদ্যোগ

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ১২:০১

ছবি: সংগৃহিত।

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডিওয়্যার ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ বিষয়ে আলোচনা হয়। আজ রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অক্টোবরের মধ্যে বডিক্যাম সংগ্রহের পরিকল্পনা রয়েছে, যাতে পুলিশ সদস্যরা ডিভাইসের এআই সক্ষমতাসহ সব বৈশিষ্ট্যে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন। ক্যামেরাগুলো জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানি থেকে সংগ্রহের জন্য যোগাযোগ চলছে। নির্বাচনের সময় পুলিশ অফিসার ও কনস্টেবলরা এসব ডিভাইস বুকে পরে দায়িত্ব পালন করবেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দ্রুত ক্রয় ও প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, ‘যে কোনো খরচে সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।’

এছাড়া বৈঠকে নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনার কথা জানানো হয়। অ্যাপটিতে প্রার্থীর তথ্য, ভোটকেন্দ্রের আপডেট ও অভিযোগ জমা দেওয়ার সুযোগ থাকবে। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশ দেন, দেশের ১০ কোটির বেশি ভোটারের জন্য অ্যাপটি ব্যবহারবান্ধব করে দ্রুত চালু করতে।