ছবি: সংগৃহিত
ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যভুক্ত হাইরক্যানিয়ান বন ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে তেহরান আন্তর্জাতিক সাহায্য চাইেছে, যা প্রতিক্রিয়া জানিয়ে প্রতিবেশী তুরস্ক কিছু অগ্নিনির্বাপন বিমান ও হেলিকপ্টার পাঠাচ্ছে।
ইরানের শীর্ষ পরিবেশ কর্মকর্তা জানান, ইলিউশিন অগ্নিনির্বাপণ বিমান, সাতটি হেলিকপ্টার ও প্রায় ৪০০ দমকলকর্মী বনটিকে আগুন থেকে রক্ষা করতে কাজ করছেন। বনটি কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলে ছড়িয়ে আছে এবং ২০১৯ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যভুক্ত স্থান হিসেবে স্বীকৃত হয়।
ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি বলেন, ‘প্রয়োজনে রাশিয়ার সহযোগিতাও নেওয়া হতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, এই অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা গড়ের তুলনায় ৮৫ শতাংশ কম হওয়ায় খরার পরিস্থিতিতে বন দাবানলের শিকার হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পেছনে অননুমোদিত শিকার ও অবৈধ বন ধ্বংসের চেষ্টা জড়িত থাকতে পারে।
ইরানের বন সংস্থার প্রধান রেজা আফলাতুনি বলেছেন, ব্যক্তিগত আবাসস্থল গড়ে তোলার উদ্দেশ্যে বন ধ্বংসের সঙ্গে আগুনের সম্পর্ক থাকতে পারে।
