https://www.emjanews.com/

14133

sylhet

প্রকাশিত

০৩ মার্চ ২০২৬ ০০:৪৩

সিলেট

ভারতের ভিসা নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ০০:৪৩

ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠক শেষে প্রণয় কুমার ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং নতুন সরকারের সঙ্গে যৌথভাবে বাণিজ্য সম্প্রসারণে কাজ করবে ভারত। একইসঙ্গে ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে মন্ত্রণালয়ে এসেছিলেন। তিনি বলেন, বর্ডার হাট ও কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সেগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। তবে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর সঙ্গে বৈঠকেও ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার কথা জানান প্রণয় ভার্মা। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা সেন্টারগুলো পুনরায় চালু এবং ভিসা প্রদানের হার বৃদ্ধির অনুরোধ করেন। জবাবে হাইকমিশনার বলেন, বর্তমানে পর্যাপ্ত মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে, তবে গত দেড় বছরে সার্বিক নিরাপত্তাজনিত কারণে কিছু ভিসা সেন্টার বন্ধ ছিল এবং ভিসা প্রদানের হার কমে গিয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা সেন্টার ও অন্যান্য স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে আশ্বস্ত করেন। হাইকমিশনার জানান, ভারতীয় ভিসার আবেদন এখন অনলাইনে গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে হ্যাকের চেষ্টা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি অনুরোধ করলে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট ও সংশ্লিষ্ট সংস্থাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ। তিনি উল্লেখ করেন, দুই দেশের অভিন্ন সংস্কৃতি, ইতিহাস ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। সীমান্তে হত্যার ঘটনা কমিয়ে আনার বিষয়টিও তিনি আলোচনায় তোলেন।

হাইকমিশনার ভারতের প্রশিক্ষণ কর্মসূচির মানের কথা উল্লেখ করে আইটিইসি প্রোগ্রামের আওতায় বাংলাদেশ থেকে আরও বেশি প্রশিক্ষণার্থী অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে ভারতে প্রশিক্ষণ পাঠানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বৈঠকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপ-হাইকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।