সিলেটি যুবকের লন্ডনের স্বপ্ন ভেঙে চুরমার, ২৫ লাখ টাকা দিয়ে জাল ভিসা
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ০০:৩২
লন্ডনে নেওয়ার আশ্বাস দিয়ে জাল ভিসা সরবরাহ ও ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মনির আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। ভুক্তভোগীর দায়ের করা মামলার সূত্র ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।
মামলার বিবরণ অনুযায়ী, সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন যোগারকুল এলাকার বাসিন্দা মোঃ আরিফ আহমেদ (৩০) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে বিদেশ যাওয়ার বিষয়ে যোগাযোগ করেন। অভিযুক্ত মোঃ মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠানোর কাজ করেন বলে পরিচয় দেন। ফেসবুকে প্রাথমিক যোগাযোগের পর ভুক্তভোগীকে একটি এজেন্সি কার্যালয়ে ডেকে নেওয়া হয়, যেখানে ২৫ লাখ টাকার বিনিময়ে দুই থেকে তিন মাসের মধ্যে লন্ডনের ভিসা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
চুক্তি অনুযায়ী প্রথমে তিন লাখ টাকা এবং ভিসা পাওয়ার পর বাকি অর্থ পরিশোধের কথা থাকলেও ভুক্তভোগী বিভিন্ন সময়ে নগদ ১৬ লাখ ও ব্যাংক হিসাবে ছয় লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা প্রদান করেন।
গত বছরের ২১ ডিসেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ পৌঁছে বোর্ডিং পাস সংগ্রহ করেন। ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় কর্তব্যরত কর্মকর্তা তার পাসপোর্টে সংযুক্ত ভিসা স্টিকারটি জাল বলে শনাক্ত করেন। পরে তিনি ঢাকার বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন তামাবিল রোডের দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মনির আহমেদ (৩৫), পিতা মৃত আব্দুর রউফ, পলাশ কুটির ইসলামপুর, শাহপরাণ, সিলেটকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে বলে জানা গেছে। আটককৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
