ছবি: সংগৃহিত
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় এবার নতুন উদ্যোগ-গানের মাধ্যমে ভোটারদের সচেতন করা হবে। ভোটের বিষয়গুলো সহজভাবে জনগণের কাছে তুলে ধরতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় ৩৪টি গান তৈরি করেছে সরকারি সংস্থা গণযোগাযোগ অধিদপ্তর। এসব গান নির্দিষ্ট অঞ্চলে পরিবেশনের পাশাপাশি গ্রামের হাট-বাজারে হ্যাঁ/না ভোটের ডেমো দেখানো হবে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। নির্বাচন ও গণভোটকে ঘিরে মাঠপর্যায়ের প্রচার কৌশল নির্ধারণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, `ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তাই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়াতে জেলা পর্যায়ে জনমুখী ও উদ্ভাবনী প্রচার কৌশল নিতে হবে।'
তিনি আরও বলেন, `ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনগণকে অবহিত করা বড় চ্যালেঞ্জ হলেও প্রচার কার্যক্রমকে আরও নিবিড় ও জনমুখী করতে হবে।'
গুজব মোকাবিলায় পিআইবির নেতৃত্বে ‘বাংলা ফ্যাক্ট’-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দিকনির্দেশনাও দেন তিনি।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল জানান, সংস্থাটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আঞ্চলিক ভাষায় ৩৪টি গান তৈরি করা হয়েছে।
তিনি বলেন, `নির্বাচনি আচরণবিধি অনুসরণ করে গানগুলো প্রস্তুত করা হয়েছে। এগুলো অঞ্চলে অঞ্চলে পরিবেশিত হবে। হাট-বাজারে ‘হ্যাঁ/না’ ভোটের ডেমো দেখিয়ে জনগণের অংশগ্রহণ আরও বাড়ানো হবে।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, যুগ্ম সচিব মাহফুজা আখতার, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, সৈয়দ এ মু’মেন প্রমুখ।
