মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, হটলাইন চালু
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৪৬
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ইরাক ও কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পৃথক পৃথক সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পালটা হামলার ঘটনায় গোটা অঞ্চলে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসগুলো জরুরি হটলাইন নম্বর চালু করেছে।
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।
এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস।
কাতারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস জানিয়েছে, কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থি উল্লেখ করে সবাইকে সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রায় একই ধরনের সতর্কবার্তা জারি করেছে আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। এসব সতর্কবার্তায় খোলা আকাশের নিচে অবস্থান না করা, বড় কোনো সমাবেশ বা জামায়াতে যোগ না দেওয়া এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট দূতাবাসগুলো হটলাইন নম্বর ও ই-মেইল ঠিকানা চালু করেছে।
হটলাইন ও যোগাযোগের ঠিকানা:
কাতার
হটলাইন: +৯৭৪৩৩৬৬২০০০
ই-মেইল: mission.doha@mofa.gov.bd
বাহরাইন
হটলাইন: +৯৭৩৩৩৩৭৫১৫৫
ই-মেইল: mission.manama@mofa.gov.bd
আরব আমিরাত
হটলাইন: +৯৭১২৪৪৬৫১০০
ই-মেইল: mission.abudhabi@mofa.gov.bd
ইরাক
হটলাইন: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ই-মেইল: mission.baghdad@mofa.gov.bd
দূতাবাসগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।
