হবিগঞ্জ-৪: জামায়াত প্রার্থী সাংবাদিক নোমানের প্রার্থিতা প্রত্যাহার
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ ২১:৩৪
ছবি: অলিউল্লাহ নোমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান তার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি জানান, জোট রক্ষার বৃহত্তর স্বার্থে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়ন দাখিল থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক পোস্টে অলিউল্লাহ নোমান বলেন, নির্বাচনে আসার সিদ্ধান্তটি ছিল হঠাৎ এবং অনেকটা ধূমকেতুর মতো। আমিরে জামায়াতের একটি ফোনেই তিনি নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ হয়েছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তের কারণে তাকে সরে দাঁড়াতে হয়েছে। এ সিদ্ধান্তে যারা কষ্ট পেয়েছেন, বিশেষ করে যাঁরা দিনরাত তার সঙ্গে কাজ করেছেন, তাদের প্রতি তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা জীবনের শুরু থেকেই। ছাত্রজীবন থেকে শুরু করে বিভিন্ন সময় তিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। নির্বাচনে আসার পেছনে তার মূল উদ্দেশ্য ছিল মানুষের প্রতি ভালোবাসা, তরুণদের প্রত্যাশা এবং ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
নির্বাচনী মাঠে স্বল্প সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় চার সপ্তাহে তিনি অন্তত এক লাখ মানুষের সঙ্গে করমর্দন করেছেন এবং মানুষের দুঃখ-কষ্ট শোনার চেষ্টা করেছেন। এই সময়ের অভিজ্ঞতা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার ধারণা বদলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে নিঃস্বার্থভাবে কাজ করার মতো সৎ ও পরিশ্রমী কর্মী তৈরি হয়েছে, যা ভবিষ্যতে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ভূমিকার প্রশংসাও করেন তিনি।
সবশেষে অলিউল্লাহ নোমান বলেন, তিনি হতাশ নন এবং বিশ্বাস করেন, আল্লাহ চাইলে ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশ, জাতি ও এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হবে। তিনি মাধবপুর ও চুনারুঘাটের মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের নির্বাচনে অংশ নেবেন।
