ছবি: মুশফিক উস সালেহীন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি দলটির মিডিয়া সেলের সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে মুশফিক উস সালেহীন উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টির একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি সবসময় দলের ঘোষিত লক্ষ্য, আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক নৈতিকতার প্রতি দায়বদ্ধ থেকে সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
দলের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে নীতিগত দ্বিমত পোষণ করে তিনি লেখেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত নন।
চিঠিতে তিনি আরও বলেন, ‘তার বিবেচনায় এনসিপির ওই জোটে যোগদান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র গঠনের রাজনৈতিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
দলের অভ্যন্তরীণ সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরে পদত্যাগপত্রে তিনি বলেন, ‘দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অস্বচ্ছতা এবং নতুন জোটসঙ্গীদের রাজনৈতিক চরিত্র বিবেচনায় নিয়েই তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি থেকে অন্তত ১০ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে।
