নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রি, ১০ হাজার টাকা অ'র্থদণ্ড
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ২১:৫৫
ছবি: সংগৃহীত
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ও দেবপাড়া বাজারে রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় এলপিজি গ্যাসের মূল্য, সরবরাহ ও মজুদ পরিস্থিতি যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
অভিযানকালে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য পরিশিষ্ট সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে পরিদর্শন করা হয়।
এসময় যাচাইকালে সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ১,৩০৬ টাকার পরিবর্তে অতিরিক্ত দামে গ্রাহকের নিকট বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে দেবপাড়া বাজারের কথা ট্রেডাস নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির নির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের এলপিজি গ্যাস ক্রয়ের সময় অবশ্যই ক্রয় মেমো সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়। কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা মেমো প্রদান করতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, ‘ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
