ঈদকে সামনে রেখে সীমান্তে তল্লাশি জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৪৫ লক্ষ টাকা।
আজ মঙ্গলবার (১০ মার্চ ) গোপন সংবাদের ওপর ভিত্তি করে বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপি কর্তৃক ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বেটনোভেট ক্রীম, জিরা, গরু ও মহিষ, ইমিটেশন চেইন, মেডিসিন, মোটরসাইকেল পার্টস, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশবাজি, নারিকেল, মেহেদী, বিস্কুট, পুডিং পাউডার, টু-পিস পোশাক, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছসহ চোরাচালানী মালামাল এবং মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত একটি টাটা ট্রাক আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানী মালামাল সম্পর্কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অভিযানের ফলে ঈদ উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিপুল মূল্যমানের ভারতীয় পণ্য দেশের বাজারে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে, এবং সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা আরও দৃঢ় হয়েছে।
