ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার (২১ জানুয়ারি) রাতে প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির।
তিনি জানান, “আজ সন্ধ্যায় ভর্তি কমিটির একটি মিটিং রয়েছে। মিটিং শেষ হওয়ার পরই আমরা ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করব।”
ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৯৮ শতাংশ এবং সিলেট কেন্দ্রে ৭৬ দশমিক ৫৪ শতাংশ। এতে ‘এ’ ইউনিটে গড় উপস্থিতির হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৮১ শতাংশ। এ ইউনিটে ৯৮৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫২ হাজার ৮২৩ জন শিক্ষার্থী।
অন্যদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ছিল ৭৯ দশমিক ৭৮ শতাংশ এবং সিলেট কেন্দ্রে ৮৫ দশমিক ২৭ শতাংশ। ফলে ‘বি’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৮৭ শতাংশ। এ ইউনিটে ৫৮১টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ২৫২ জন শিক্ষার্থী।
