সিলেটে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় পণ্য উপহার দিল ‘গ্ল্যামডাস্ট’
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ২০:৪৩
ছবি: সংগৃহীত
সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রয়োজনীয় পণ্য ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। অনলাইন শপ ‘গ্ল্যামডাস্ট’ এর পরিচালক ও সিলেটের নারী উদ্যোক্তা আমিনা খুশির উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ মার্চ) শাহজালাল উপশহরের জামিয়া দারুল উলূমি ওয়াত্তারবিয়াতিল ইসলামিয়া মাদ্রাসায় প্রায় ৬২ জন শিক্ষার্থীর মধ্যে পানির বোতল, থালা, নিয়মিত খাবারের বাজারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। মাদ্রাসাটির বেশিরভাগ শিক্ষার্থীই হতদরিদ্র ও এতিম। তাদের নিত্যপ্রয়োজনীয় কিছু সহায়তা দেওয়া এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকেরা জানান, আমিনা খুশির অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্ল্যামডাস্ট’-এর ব্যবসার লাভাংশ, সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য এসব প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা সম্ভব হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ এই উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সহায়তা। এতে করে অনেক শিক্ষার্থী তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারে এবং তাদের মাঝে আনন্দের অনুভূতিও তৈরি হয়।
গ্ল্যামডাস্টের পরিচালক আমিনা খুশি বলেন, ‘সমাজে এমন অনেক শিক্ষার্থী রয়েছে, যারা আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো এবং সামান্য হলেও সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ছোট ছোট উদ্যোগও অনেক সময় বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।’
তিনি আরও জানান, এই ধরনের উদ্যোগ তারা প্রতি বছরই করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আগামী দিনে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কাজে আমিনা খুশির প্রতিষ্ঠান ‘গ্ল্যামডাস্ট’ আরও সক্রিয়ভাবে কাজ করবে বলেও তিনি জানান।
