https://www.emjanews.com/

14390

sylhet

প্রকাশিত

১৫ মার্চ ২০২৬ ১৩:৫৩

আপডেট

১৫ মার্চ ২০২৬ ১৩:৫৫

সিলেট

সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ও রেকর্ড বৃষ্টি: আজও বজ্র-শিলাবৃষ্টির সতর্কতা জারি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ ১৩:৫৩

সিলেটে গত ২৪ ঘণ্টায় তীব্র বর্ষণে নতুন রেকর্ড হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ৬টা থেকে রবিবার (১৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ৭১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ রুদ্র তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ দেশের আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় দমকা-ঝড়ো হাওয়া, বিদ্যুৎচমকানো বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিনপটিক অবস্থার তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। ঢাকায় বাতাস পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিমি বেগে প্রবাহিত হচ্ছে, অস্থায়ীভাবে তা ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বইতে পারে। সকাল ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সিলেটে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।