ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে বিএনপির ৯ নেতা কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির এবং চারজন কানাইঘাটের বিভিন্ন ইউনিটের নেতা।
শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন-উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
কানাইঘাটের বহিষ্কৃতরা হলেন- উপজেলা সহসভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ২নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত মামুনুর রশীদ মামুন-চাকসু মামুনের পক্ষে কাজ করছিলেন। রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
জকিগঞ্জ-কানাইঘাট এলাকায় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তোলপাড় চলছে। স্থানীয়রা বলছেন, শুধু এই ৯ নেতা নয়, আরও অনেক বিএনপি নেতা গোপনে চাকসু মামুনের জয় নিশ্চিত করার চেষ্টা করছেন।
উল্লেখ্য, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। দলীয় সমঝোতার ভিত্তিতে তারা জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন জানিয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে চাকসু মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন, যা পরবর্তীতে দলীয় শাস্তি কার্যকর হওয়ার কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
