হবিগঞ্জে এনসিপির ১৩ নেতার পদত্যাগ
ফ্যাসিবাদ পুনর্বাসন ও জুলাই যোদ্ধাদের বঞ্চনার অভিযোগ
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬ ২০:৫৩
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার ১৩ নেতা একযোগে পদত্যাগ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতাদের মধ্যে ছিলেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মো. নূরুল হক টিপু, অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালমা হাসান, সঞ্জয় দাশ, সদস্য মো. হারুন মিয়া, মো. কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, এএইচএম শফিউল আলম খান, মো. জাহিদ মিয়া ও সোফায়েল আহমেদ।
পলাশ মাহমুদ বলেন, ‘১৩ জনের পদত্যাগপত্র জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। হতাশা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে মধ্যপন্থার রাজনীতি করে এমন কোনো দল নেই। যদি এনসিপি ভুল সংশোধন করে বা নতুনভাবে মধ্যপন্থা পুনঃপ্রতিষ্ঠা করে, তখন সেই দলে যুক্ত হওয়ার কথা ভাবা হবে। অন্যথায় একজন সাধারণ নাগরিক হিসেবেই থাকব।’
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ‘হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় কমিটি গঠনের সময় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসন করা হয়েছে। জুলাই যোদ্ধাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি তার মধ্যপন্থার অবস্থান থেকে সরে এসে দুটি জোটের সঙ্গে যুক্ত হয়েছে।’ এছাড়া উপদেষ্টা ও বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও মনোনয়ন প্রক্রিয়ার অসন্তোষও তোলা হয়।
তারা আরও বলেন, কমিটিতে অনুগত শ্রেণি তৈরির জন্য তৃণমূল পর্যায়ের জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে এবং জেলা কমিটি সাংগঠনিক কার্যক্রমে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
