ছবি: লাহী
সিলেট জেলার কানাইঘাট উপজেলার সরকার বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুর রহমান লাহী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব যুব বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) উদ্ভাবন ও আবিষ্কার আন্তর্জাতিক পর্ব ২০২৬ প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল অর্জন করেছেন।
আব্দুর রহমান লাহী সম্প্রতি ব্যাংককে অবস্থিত আল মেরোজ হোটেলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় রোবোটিক্স ও ড্রোন ক্যাটেগরিতে ‘লাহী রোবোটিক্স ও ইন্টিলিজেন্স সিস্টেম’ দলের টিম লিডার হিসেবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি এ বছরের ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এই আন্তর্জাতিক আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার তরুণ উদ্ভাবক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা প্রতিযোগিতাটিকে একটি বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত করে।
প্রতিযোগিতায় আব্দুর রহমান লাহী ও তার দলের উপস্থাপিত রোবোটিক্স ও ড্রোনভিত্তিক উদ্ভাবনী সিস্টেম বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে এবং আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়িত হয়। এর ফলস্বরূপ তারা ব্রোঞ্জ পদক অর্জনে সক্ষম হন।
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের ক্ষেত্রে ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বিওয়াইএসআইএস)-এর কর্তৃপক্ষ সার্বিক দিকনির্দেশনা, প্রস্তুতি ও গাইডলাইন প্রদান করে। তাদের সহযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
উক্ত আন্তর্জাতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ এবং মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্টস অর্গানাইজেশন (এমওয়াইএসও)-এর সভাপতি ড. রাজমি বিন আব্দুর রাজ্জাক।
এছাড়া বিভিন্ন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান লাহী বর্তমানে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তিনি কানাইঘাট উপজেলার সরকার বাজার হাই স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন।
নিজের অনুভূতি প্রকাশ করে আব্দুর রহমান লাহী বলেন, ‘এই অর্জন শুধু আমার নয়, আমার দল ও বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত। ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের জন্য কাজ করতে চাই।’
স্থানীয় শিক্ষাবিদ ও এলাকাবাসী তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও আন্তর্জাতিক সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন।
