https://www.emjanews.com/

13585

surplus

প্রকাশিত

০৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৫৫

আপডেট

০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০২

অন্যান্য

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আ’ন্দোলনে হা/মলার তদন্ত ও গ্রে প্তা র দাবি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৫৫

ছবি: সংগৃহীত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। গেলো ৩ ফেব্রুয়ারি সিলেট নগরীর চৌহাট্টায় এ হামলার ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, সিলেট জেলা শাখা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, ৩ ফেব্রুয়ারি সিলেটের চৌহাট্টায় তাদের ব্যানারে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল। এতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং জেলায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে কোনো উসকানি ছাড়াই প্রশাসন লাঠিচার্জ চালায় বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, হামলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ সংগঠনের জেলা নেতৃবৃন্দ আহত হন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এই হামলা তাদের ন্যায্য আন্দোলন দমন করার একটি পরিকল্পিত অপচেষ্টা।

সংগঠনের নেতারা আরও অভিযোগ করেন, ৩ ফেব্রুয়ারির ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের ভাষ্য অনুযায়ী, একই দিনে বুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের একটি কমিটি ঘোষণার বিষয়টি সামনে আসে, যা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, একটি বিশেষ মহল কারিগরি শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে অনলাইনে হুমকি ও উসকানির অভিযোগও তোলা হয়। সংগঠনের নেতারা বলেন, “কথিত ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর সেক্রেটারি সাকিবুল হক লিপু সামাজিক মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে সহিংস হুমকি দিয়েছেন এবং এইচএসসি শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন।” এসব কর্মকাণ্ডকে তারা রাষ্ট্রবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলে আখ্যায়িত করেন।

এছাড়া, সিলেটের ঘটনার আগের রাতে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলার কথাও উল্লেখ করা হয়। সংগঠনের দাবি, সারাদেশে পরিকল্পিতভাবে কারিগরি শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়ে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলন থেকে সংগঠনটি তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- ৩ ফেব্রুয়ারি সিলেটের চৌহাট্টায় কার নির্দেশে এবং কেন লাঠিচার্জ করা হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্ধারণ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; প্রকাশ্যে হত্যার হুমকি ও উসকানির অভিযোগে সাকিবুল হক লিপুকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, এবং বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবি পর্যালোচনার নামে গঠিত একপাক্ষিক কমিটি বাতিল।

সংগঠনের নেতারা বলেন, দাবি আদায় না হলে তারা সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। একই সঙ্গে তারা দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, সিলেট জেলা শাখা নেতৃবৃন্দ ফয়জুর রহমান সিফাত, রাকিবুল ইসলাম, আবু জুবায়ের, তাহছিন আদনান জয়, ইফতেখার মাহমুদ, মতিউর রহমান, আল হাদী, আশিকুজ্জামান, সাব্বির সিয়াম, ইভান, অলি উল্লাহ, আল মাহমুদ, মো. আব্দুল গাফ্ফার ফাহিম, আব্দুল ওয়াহিদ, ফাহমিদুর রহমান রোহান, সজিব প্রমুখ।