https://www.emjanews.com/

13593

surplus

প্রকাশিত

০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৫৬

অন্যান্য

'চাকসু থেকে জনতার মামুন হতে চাই'

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৫৬

ছবি: সংগৃহীত

জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে চাকসু থেকে জনতার মামুন হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

তিনি বলেন, `চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে বিজয়ী হওয়ার পর চাকসু মামুন হিসেবে পরিচিতি লাভ করি। রাজনৈতিক অঙ্গন ছাড়াও সাধারণ মানুষের কাছে এই পরিচিতি রয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই জনপদের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও রায় নিয়ে জনতার মামুন হতে চাই।'

কানাইঘাটের ১ নং লক্ষী প্রসাদ পূর্ব ইউনিয়নে মমতাজগঞ্জ বাজারে ফুটবল মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এর আগে তিনি আটগ্রাম, কাড়াবাল্লা, দনা ও লোহাজুড়ী এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এরপর বাদ এশা জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারে মিছিল ও পথসভা করেন।

চাকসু মামুন আরও বলেন, `আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল বিজয়ী হলে সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানো হবে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করবো। সীমানন্ত এলাকার মানুষ যুগের পর যুগ অবহেলার শিকার। প্রাকৃতিক দুর্যোগ, কর্মসংস্থানের অভাব ও মৌলিক সুবিধা না পাওয়ায় এ অঞ্চলের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। আমি সবসময় গরিব-দুঃখী ও মেহনতি মানুষের কথা চিন্তা করে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছি।

তিনি আরও বলেন, `মাঠে ফুটবলের গণজোয়ারে ঈর্ষান্বিত প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছ। দেশ যখন গণতন্ত্র পুনরুদ্ধারের এবং ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ে, তখন একটি বিশেষ মহল নির্বাচনের নামে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।'

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, `জনমতকে উপেক্ষা করে কোনো ধরনের নীলনকশা এই অঞ্চলের মানুষ মেনে নেবে না।

চাকসু মামুন আরও বলেন, `সবার সহযোগিতা নিয়ে উন্নয়ন, শান্তি ও  সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটকে দেশের মডেল এলাকা হিসেবে করত চাই। দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আপনাাদের সমর্থন ও সহযোগিতা দরকার।

পৃথক এসব পথসভায় বক্তব্য দেন, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, প্রচার সম্পাদক ফারুক আহমদ, প্রবাসী কল্যাণ-বিষয়ক সম্পাদক আসাদ আলী, বিএনপি নেতা জিএম কামাল, আব্দুর রব, আব্দুল্লাহ চৌধুরী,  জাহাঙ্গীর চৌধুরী, লুৎফর রহমান, রায়হান আহমদ, ইশতিয়াক চৌধুরী জনি, নূর উদ্দিন মেম্বার, এখলাছ উদ্দিন প্রমুখ।