শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ইসির
প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩১
ছবি: সংগৃহীত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেছে। এজন্য নির্বাচন কমিশন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এছাড়া নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারসহ দেশবাসীকেও ধন্যবাদ জানিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন আশা প্রকাশ করেছে, এই ধারাবাহিকতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
