ছবি: সংগৃহীত
১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে খালি চোখে চাঁদ দেখার জন্য সবচেয়ে অনুকূল সময় প্রায় ৫০ মিনিট বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদ পশ্চিম আকাশে প্রায় ৫০ থেকে ৫১ মিনিট অবস্থান করবে। ওই দিন চাঁদের বয়স প্রায় ২৪ ঘণ্টা অতিক্রম করবে, যা খালি চোখে চাঁদ দেখা জন্য তুলনামূলকভাবে অনুকূল। সূর্যাস্ত এবং চাঁদাস্তের সময় যথাক্রমে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট এবং ৬টা ৪৯ মিনিট।
বিডব্লিউওটির কর্মকর্তা জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাতে নতুন চাঁদ (নিউ মুন) সৃষ্টি হবে। তবে নতুন চাঁদ সাধারণত খালি চোখে দেখা যায় না। চাঁদ দেখার জন্য তার বয়স কমপক্ষে ১২–১৮ ঘণ্টা হওয়া এবং সূর্যাস্তের পর কিছু সময় আকাশে অবস্থান করা প্রয়োজন। ফলে ১৭ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়।
তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশে উন্নত টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার চেষ্টা হতে পারে। তারা যদি চাঁদ দেখতে সক্ষম হয়, তাহলে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে; অন্যথায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি আরও উল্লেখ করেছে, চাঁদ দেখা সম্পূর্ণভাবে নির্ভর করবে আকাশের স্বচ্ছতা, দিগন্তে মেঘের উপস্থিতি, বায়ুদূষণের মাত্রা এবং পর্যবেক্ষকের ভৌগোলিক অবস্থানের ওপর।
গত বছর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের ঈদ একই দিনে উদযাপিত হয়েছিল। এবছরও সময়ের ব্যবধান কম থাকায় ‘ক্লোজ কল’ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
